বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮

প্রতীক্ষা

                                                                                                 

        শীত চলে গেলো
      এবারেও  আমার যাওয়া হলনা
      আবারও বসন্ত আসছে অনেক স্মৃতি নিয়ে
      আমার খাবার পরিবেশনের মুহূর্তে
       তোমার উদাত্ত গলায় কোন এক গাঁয়ের বঁধু
       কান ভাসাচ্ছে
       পৃথিবী জুড়ে নেমে আসছে বসন্তসকাল
       শুধু আমাদের দীর্ঘ বসবাসে এখন রোদ ঢোকেনা
      বারান্দা বাগান শুকিয়ে গেছে
      নির্বাক তুমি আছ শুধু  দেওয়াল জুড়ে
      সত্যি করে বলনা
      আমি তোমার কাছে কবে যাব?  
   
       

বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮

মনখারাপ

মুছে ফেলছি ইরেজারে  আবছা হওয়া দুঃখছবি
আড়াল হচ্ছে এতদিনের ফ্রেমেবন্দি গল্প সবই
মুছে দিলাম দুই বিনুনি মনকেমনের  বিকেলবেলা
কাঠবেড়ালি প্রজাপতি জুতোর বাক্সে পুতুল খেলা
হারিয়ে গেল ঝাঁপিয়ে পড়া পুকুরজলের দুপুরগুলো
মিলিয়ে গেলো আস্তে করে উসকো চুল আর একপা ধুলো
 আর হবেনা চড়ুইভাতি যখন তখন ইচ্ছেমত
বুকের ভেতর কষ্ট জমে এসব কথা ভাবছি যত
এখন আমি চশমাপরা আমার এখন মনখারাপই
আমি এখন দাঁড়িপাল্লায় আমার ব্যস্ত সময় মাপি


শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮

কৃতজ্ঞ

যে আমাকে ডেকেছিল
 যে আমাকে নিয়ে এসেছে
কৃতজ্ঞতা তার জন্য
যে আমাকে রাখলো 
যে আমাকে থাকতে দিল
কৃতজ্ঞতা তার জন্যও
যে আমাকে নিয়ে যাবে
 সেই মৃত্যুর প্রতিওআমি কৃতজ্ঞ থাকব

সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮

অগস্ত্যযাত্রা

সেদিন সন্ধ্যেবেলা দরজায় হাত রেখে
তুমি বলেছিলে যাই
এখনও দরজায় তোমার আঙ্গুল লেগে আছে
হ্যাঙ্গার দোলাচ্ছে আকাশী বুশ শার্ট
আলমারির কাঁচের পাল্লায়
উঁকি দিচ্ছে সিরাপের শিশি আর ইনহেলার
তোমার প্রিয় ঘিয়ে সোয়টার
কালই রোদে দিয়েছিলাম  
 সেদিন সকাল থেকে রাত, রাত থেকে আবার সকাল এল
 কিন্তু তুমি ফিরে এলেনা

  আচ্ছা, তুমি কি জানতে 
 তোমায়  যেতেই  হবে অগস্ত্যযাত্রায় ?

বুধবার, ১০ জানুয়ারি, ২০১৮

ঋণ


সম্বৃদ্ধ হলে ঋণ নিয়ে
তাই নাচঘরে আবার ঝাড়বাতি
 আরামকেদারায়  সুসময়
ঘুঙুরের ছমছম সুর বাতাসে  
আকাশ জুড়ে  নিরাভরন রাত নামে
 উৎসবের আয়োজন করে
এসব দৃশ্যকল্পে  বিভোর হয়ে
 সুগন্ধি শব্দে সাজাও নতুন নাচঘর
 শুধু  ভুলে যাও ঋণমুল্য চোকাতে 

শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭

সন্দিগ্ধ

   তুমি কাছে এলে গন্ধ পাই
    আবার বিপর্যয়ের
   গলার গাঢ় জমাট ভালবাসা মনে পড়ায়
    আকাশের গায়ে সিঁদুর রঙা মেঘ
    গতবার ঝড় ওঠানোর আগেও
     তুমি এমন মায়াবী আর কোমল ছিলে

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭

সময়



 স্রোত বইছে
স্মৃতিতে  পাঁক  ও পুস্প
উড়ে যাচ্ছে ঘামকণা লবনাক্ত মাটি ছেড়ে
মেদুর শস্যের মেয়াদ শেষ
পুড়ে যাচ্ছে জমি
জেগে থাকছি একা
আর ক্রমশ বুঝে যাচ্ছি
বেঁচে থাকার মূলমন্ত্র

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...