সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

বন্দী

 অন্তরীণ থাকতে থাকতে দেখছি

ঋতু বদলাচ্ছে পৃথিবী

শূন‍্য ডালে জাগছে কচি কিশলয়
কৃষ্ণচূড়ার লাল ছড়িয়ে আছে
কখনও ঝরঝরিয়ে নামছে শ্রাবণ
চারিদিকে মনভোলানো সবুজ
আবার পেঁজা তুলোর আকাশে
হিমেল বাতাসে শিউলির গন্ধ
জানলার  ওপারে অকপট নীলাভ নভতল
তাকে ছুঁয়ে ডানা ভাসাচ্ছে 
একদল মুক্ত বিহঙ্গ

শুধু আমরাই ঘরে বন্দী

ওরা সবাই আগের মতই
ওদের মুখে কোন মুখোশ নেই।

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

মন কেমন করেনা

শীর্ণ স্মৃতি গুলো
আর রোমন্থন করিনা
টাটকা সতেজ বাতাস
ঘিরে আছে আমার চারিপাশে
টুং টাং গীটারে
রোদ ঝলমলে দুপুর নামে
গোধূলির আকাশে   রক্তকরবী
ওই দূরের মন্দিরের ঘণ্টা ধ্বনির সাথে
ভেসে আসছে শীত ঋতু
আজকাল  সাহচর্যের জন্য
আর মন কেমন করে না।

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

ভালবাসার গল্প




 আমি খুব কাছে আসি
 তোমার গন্ধ নিই
 আবেশে  চোখ বুজে আসে
 মদির গন্ধবাতাস বুকে কুল কুল শব্দ তোলে
  সেই সুরে  ভিজে  ওঠে করতল
 ঠোঁটের নির্জনতায় ভাগ বসায়
 বিকেলের ঠাণ্ডা বাতাস
 আচমকা থর থর করে কেঁপে উঠি
 আমি একটা নদী হই
 আর  তুমি গাছ ভরা শিউলি
 কেমন ঝিকমিক তারা হয়ে ওঠো।

    

রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯

জন্মপো কা





সাপুড়ের বীণে নাচে ফনা
পর্দা ভেদ করে
চেখে দেখে নাভিপদ্ম
আপেলে কামড় বসায়
স্বাদ নেয় নিষিদ্ধ জীবনের
গর্ভ আঁকড়ে বাঁচে পুস্প
যন্ত্রণা জীবন জাগায়
জল আর যন্ত্রণায় ভেসে
একদিন জন্মপোকা নড়ে।
                                                4


সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

বাহ্

               
বাহ্! মানিয়েছে তো খুব, কবি সাজে
পরিপাটি সেই কেয়ারলেস বিউটি
ঠোঁটে চিলতে হাসি নিয়নবাতি যেন
আবেগঘন কণ্ঠস্বরে বিরাম ও যতি
গোপনে তুলে রাখা ঈর্ষা  হিংস্র শ্বাপদ
আয়ত   নিস্পাপ চোখ সরল চাউনি
নন্দিত শ্রীময়ী ও মনোহারিণী রূপ
তাহলে  কবি বলব, নাকি অন্য  কিছু ?

অনর্গল ভাবনা অর্থহীন  প্রলাপ
কষ্টে সৃষ্টে রচিত শব্দতরঙ্গ জুড়ে
জানি  প্রকাশ্যে সেই কবিই হতে চাও
 তবু কেন আজও অধরা কবিতারা
কবিতা  তো ঈশ্বরের আশীর্বাদে আসে
 স্বতঃপ্রণোদিত হয়ে মানুষের কাছে।  



মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

এই বয়স


ব্যস্ত ও চলমান
সময় ও তুমি
কখনও টুপীতে পালক গুঁজে দাও
কখনও গভীর ও ভারাক্রান্ত হয়ে
গুনে নাও দণ্ড আর পল।

এক ছটফটে রোদ্দুরে
ঢিমে তালে  সময় কাটে
এক  ধীর গতি দুপুর
গড়িয়ে ক্লান্ত হয়।

বিষণ্ণ বয়স যাদু জানে
বসে বসে ফুরিয়ে যাবার।  



শনিবার, ১৭ মার্চ, ২০১৮

অমৃত

           সন্ধ্যে বেলায় গনগনে আঁচে 
           সেঁকা হচ্ছে রুটি 
           পাশে গোল বৃত্ত এঁকেছে 
           অনন্ত ক্ষিধেরা 
           উপোসী শরীরের চোখে 
           আলো জ্বলছে 
           ইচ্ছেরা এখন জিভে 
           অমৃত পরিবেশনের অপেক্ষায় ।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...