বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

মুখ

আরশিতে মুখ দেখো,
আগ্রাসী জীবন যাপনে গজিয়ে ওঠা
এক মনুষ্যত্বহীন মুখাবয়ব।
হৃদয় ঢেকেছ তাড়নায়
লালারসে ভিজিয়ে নিচ্ছ ক্রমেই
খাদ্যদ্রব্য আর পারিপার্শ্বিক
তোমার কাছে এ সবই একজাতীয়।
সম্পর্কের গা থেকে,
চেটে নিচ্ছ বেঁচে থাকা
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছো
নির্ভীক পরজীবী হয়ে
মানুষের অবয়বে নিখুঁত অমানুষ।
অবিশ্বাস হলে,
আয়নায় মুখ দেখো।

রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

স্বর্গ

তুমি আর আমি
একসাথে হলে
ঈশ্বর নেমে আসে।
তখন ভালবেসে উড়িয়ে দিই
সাদা পারাবত,
নদীর সহ্য আর নম্রতাও
শিখে যাই একদিন
তার কাঁচ জলে
প্রতিবিম্বিত হতে হতে
পাহাড় হয়ে যাই,
এখানে গাছ গুলো রমণী হয়েছে
মানুষ মানুষ কে ছোট করতে করতে
বিন্দু বানিয়ে ফেলেছে
এখনই সময়
এসো আমরা একত্রে
এই ভূপৃষ্ঠে স্বর্গ নামাই।

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

ক্ষমা

আঘাত দিও না,
চামড়ার যে অংশে
ক্ষত হয়ে গেছে
রক্তবিন্দুর অনুতাপ আছে শুধু
অঙ্গুলি নির্দেশে বিদ্ধ করতে
একটু কম্পন হোক।
বরং তার ওপর করুণার
বৃষ্টি ধারা হও
ক্ষমা হয়ে ছোঁও তাকে
আর দেখ ক্ষমার কি শক্তি।

বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

নতুন জগত

নিজস্ব পৃথিবীতে
শুধু চোখ আর আঙ্গুল সঞ্চালনে
শীতলপাটি বুনে চলেছি
পিঁঁপড়ে লাগা রুটির থালা
অচল টাকার মত পড়ে আছে
সূর্য ঘুরে সন্ধ্যে নামাচ্ছে
পাশের বাড়ির ডুমুর গাছে
একটা শালিক ভয়ে মরে যাচ্ছে

সম্পর্ক সহমর্মিতা সমবেদনা
সব জমা হচ্ছে নতুন ঠিকানায়
আমার নতুন জগতে।

মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬

করো বিভাজন

এঁকে দিল বিভাজন রেখা
তির তিরে নদী আর উড়ন্ত পতাকা
পরস্পরের বিপরীতে জড় হওয়া
কিছু একই প্রজাতির প্রাণী
চুল বুল করে ,ভালবাসা দেখায়
সুখ সুখ নেশা চোখে মাখে
আর দূরে চলে যায়,
 আমার আগুনেই সেঁকে নিত ওরা
 প্রতিদিনের খিদের রুটি
এখন পেট ভরা খাবারে,
চোখে গড়াচ্ছে ঈর্ষা,
নখে রক্ত,আর দাঁতে মাংসের টুকরো।

রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

মরণ

চন্দনের রেখায় লেখা মৃত্যুদণ্ড
আশৈশব যত্নে রাখা ললাটে।
কখনও আগুনের বিন্দু হও
কখনও ওড়নার আদরে
গিঁট দিয়ে থামাও নিঃশ্বাস।
মাংস মজ্জা বিশ্বাস সব খাও
স্থবির সম্পর্ক শুষে নিচ্ছে সময়
শূন্য করে দিচ্ছে জীবন
জীবন কে পরাজিত করে
মরণ আসছে  তাড়াতাড়ি।

বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

ব্যক্তিগত

গাঢ় আশ্লেষে
ছুঁয়েছিল ঠোঁট
নরম জলমাখা কমলার ঘ্রাণ
মাখামাখি হল দুই প্রান্তে
তবু চুমু হলনা।
দেহগাত্রে ওতপ্রোত ভাবে আঁকড়ে ধরা
মরচে পড়া আংটা
কুয়োর পুরনো শ্যাওলা
আর দেওয়ালের গোল সময়
সবই জীবাশ্ম হয়ে গেছে।
জীবাশ্মের শীৎকার ওঠেনা
অন্ধকার নেমে এলেও,
অন্ধকারে লুকিয়ে আঁকো
ভালবাসার দাগ।
দাগ দিয়ে সীমানা বোঝাতে
কতটা নিচু হতে হয়?
এই সব কথায় সম্মান চলে যেতে পারে
কারণ এগুলো একান্ত ব্যক্তিগত।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...